সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেল, যেকোনো সময় ঘোষণা
daily-fulki

চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেল, যেকোনো সময় ঘোষণা


স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছেন, পে স্কেল বিবেচনাধীন আছে। সরকারের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব।


এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। রবিবার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জানা গেছে, নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি।


তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না, কিছুটা কমবেশি হতে পারে।
সম্প্রতি জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়ন কমিটির অনুষ্ঠিত বৈঠক সূত্রে জানা গেছে, দুই ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের সুপারিশ এসেছে। এর মধ্যে প্রথম বছর শুধু মূল বেতন, পরের বছর বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা দেওয়া হতে পারে।

সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী জানান, সর্বশেষ ২০১৫ সালের পে স্কেল দুই ধাপে বাস্তবায়ন করা হয়েছিল।


প্রথম বছরে বেতন, পরের বছর দেওয়া হয় ভাতা। সার্বিক বিবেচনায় পে স্কেল দুই ধাপে বাস্তবায়নই বাস্তবসম্মত। সচিব কমিটি দুই ধরনের প্রস্তাবই মন্ত্রিসভায় উপস্থাপন করতে পারে। এর পর মন্ত্রিসভা যা ভালো মনে করবে, সেভাবে সিদ্ধান্ত নেবে। 
২০১৫ সালে সর্বশেষ সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় বেতন স্কেল ঘোষণা হয়েছিল।


এর পর থেকে প্রতিবছর তাদের মূল বেতনের নির্ধারিত ৫ শতাংশ হারে বৃদ্ধি পেলেও নবম পে স্কেল আর বাস্তবায়ন হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বেতনের বিষয়টি আরো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়।
বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি দীর্ঘ চার মাস পর্যালোচনা শেষে চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন তৈরি করে।

পরে জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সরকার সাত সদস্যের কমিটি গঠন করে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ প্রায় ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন, গ্র্যাচুইটিসহ যা এক লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা। বাজেটের ‘জনপ্রশাসন-নিট’ খাতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে।

 

সর্বাধিক পঠিত