রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই
daily-fulki

প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই


স্টাফ রিপোর্টার : প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নূরুল হাসান খান আর নেই। রবিবার রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নূরুল হাসান খান দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। এর আগে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কানাডার অন্টারিওর লেকরিজ হেলথ হাসপাতালে আইসিইউতেও চিকিৎসাধীন ছিলেন।

আজ বাদ এশা মিরপুর-২ এর মসজিদ-ই-ফেরদৌসে জানাজা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের ভাগ্নে সাংবাদিক মাসুদ করিম জানিয়েছেন। মরহুমের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামে।

নূরুল হাসান খান দেশের সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন সফলতার সাথে কাজ করেছেন। তিনি দৈনিক দিনকালের প্রধান প্রতিবেদক ছাড়াও সেখানে বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটির সাথে যুক্ত ছিলেন।

প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ূব ভুঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম গভীর শোক প্রকাশ করেছেন। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান

 

সর্বাধিক পঠিত