স্টাফ রিপোর্টার : সাভারে কাজ করার সময় পাঁচতলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। তার নাম রহিম মিয়া (৪০)।
রোববার (১৬ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লার এমারত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কাজ করায় এ ঘটনার পর থেকে বাড়িওয়ালা পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রহিম মিয়া নামের ওই রাজমিস্ত্রি এমারত আলীর পাঁচতলা বাড়িতে কোন রকম নিরাপত্তা ব্যবস্থা (সেফটি) ছাড়াই কাজ করছিলেন। বাড়ি মালিককে নিরাপত্তা ব্যবস্থা করে দেয়ার কথা বললেও তিনি কর্ণপাত করেননি। রবিবার কাজের এক পর্যায়ে অসাবধানতাবশত নীচে পড়ে গুরুতর আহত হন রাজ মিস্ত্রি। পড়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
মর্মান্তিক এই মৃত্যুর ঘটনার পর থেকে বাড়িওয়ালা এমারত আলী গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী।
সাভার নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতি ও স্থানীয়রা সেফটি ছাড়াই কাজ করায় বাড়িওয়ালা এমারত আলীর কঠোর শাস্তি দাবী করেছেন।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
