রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
daily-fulki

ধামরাইয়ে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে শঙ্কর মন্ডল (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে নিজ বাড়িতে মারা যান তিনি।


নিহতের পরিবারের অভিযোগ, ব্যবসায়ী হাজী ওয়াজেদ আলী গংদের বেধড়ক মারধরে ওই যুবকের মৃত্যু হয়েছে। 
মৃত শঙ্কর মন্ডল পশ্চিম কায়েতপাড়া মহল্লার বদন মন্ডলের ছেলে। 


ধামরাই থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ৮ আগস্ট ওয়াজেদ আলী ধানের মিলে বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটে।


পরে চুরির ঘটনায় জড়িত কায়েতপাড়ার বাসিন্দা স্বপনের সম্পৃক্ততা পায়। তাকে ধরে মারধর করার পর শংকর মন্ডল জড়িত রয়েছে বলে জানান স্বপন। স্বপনের স্বীকারোক্তিতে শঙ্কর রায় তার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে গত ৯ আগস্ট বাড়ি থেকে তুলে নিয়ে তাকে বেধড়ক মারধর করে ব্যবসায়ী হাজী ওয়াজেদ আলী, আতাউর রহমানসহ তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি। 

পরে স্থানীয়রা শঙ্করকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর বাড়ি চলে আসে শঙ্কর। শনিবার (১৫ আগস্ট) ভোরে মারা যায় শঙ্কর।
শঙ্করের বাবা বদন মন্ডলের অভিযোগ, চুরির মিথ্যা অপবাদ দিয়ে তার ছেলেকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়েছে।
 

এ বিষয়ে জানতে অভিযুক্ত ওয়াজেদ আলীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।


ধামরাই থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 

সর্বাধিক পঠিত