স্টাফ রিপোর্টার : সাভার সদর ইউনিয়নে সরকারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা উত্তরের এক ছাত্রলীগ নেতা। তালিকা প্রকাশের পর এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডরে সুপারভাইজার পদে ইউসুফ কবির উৎস ওরফে উৎস মোল্লার নাম চূড়ান্ত তালিকায় থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা যায়, ইউসুফ কবির উৎস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের সহ-সাধারণ সম্পাদক। তার বাবা হুমায়ুন কবিরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময়ে সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের ঠিকাদার সমিতির সভাপতি ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় উৎস ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মাঠে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।
এমন রাজনৈতিক পরিচয়ের একজন ব্যক্তির নাম বিএনপির একটি মহৎ উদ্যোগ ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচির মাঠপর্যায়ের দায়িত্বে চূড়ান্ত তালিকায় আসায় প্রশ্ন তুলেছেন সাভারবাসী।
তাদের প্রশ্ন, যেখানে বহু সাধারণ বেকার যুবক আবেদন করেও তালিকায় স্থান পাননি, সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতা কীভাবে চূড়ান্তভাবে নির্বাচিত হলেন? একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্ব ছিল কি না, তা তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।
সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ ফ্যামিলি কার্ড কর্মসূচি সাধারণ ও নিম্নআয়ের মানুষের সামাজিক সুরক্ষার জন্য। তাই এর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে জানতে সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
