শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে যুবক গ্রেপ্তার , ২ পাইপগান উদ্ধার
daily-fulki

মানিকগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে যুবক গ্রেপ্তার , ২ পাইপগান উদ্ধার


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে ফাঁসানোর জন্য বাড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখা দুটি পাইপগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. দিনা (দিদার) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি স্বাধীন (৪০) পলাতক।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে দিনা (দিদার) পুলিশকে তথ্য দেন যে সদর উপজেলার বরাই এলাকার রামপ্রসাদ ঘোষের বাড়িতে দুটি পাইপগান লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালোর নেতৃত্বে ডিবির একটি দল অভিযানে যায়।


প্রথমে ঘরবাড়িতে তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পাওয়া না গেলেও পরে দিনার দেখিয়ে দেওয়া বাড়ির উত্তর পাশে টয়লেটের সেপটিক ট্যাংকের কাছ থেকে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের একটি ব্যাগ উদ্ধার করা হয়। সেখান থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি পাইপগান জব্দ করে পুলিশ।


জিজ্ঞাসাবাদে দিনা স্বীকার করেন, পূর্বশত্রুতার কারণে রামপ্রসাদ ঘোষকে ফাঁসাতে স্বাধীন ও তিনি মিলে গোপনে অস্ত্র দুটি পুঁতে রেখেছিলেন। এরপর রাত ৪টা ৪০ মিনিটে দিনাকে গ্রেপ্তার করে পুলিশ।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, অবৈধ অস্ত্র রাখা, পুলিশকে মিথ্যা তথ্য প্রদান ও কাউকে ফাঁসানোর চক্রান্তের অভিযোগে দুজনের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। পলাতক আসামি স্বাধীনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

সর্বাধিক পঠিত