মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর দুই সহযোগীকে রড দিয়ে পিটিয়ে স্বর্ণ, রুপা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-স্বর্ণ ব্যবসায়ী পবন শীল (৭৩), তার ছেলে প্রবীর কুমার শীল (৩২) এবং স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন পাল (৫০)। তাঁরা সবাই পূর্ব শানবান্দা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, রাতে দোকান বন্ধ করে ছেলে ও সহযোগীকে সঙ্গে নিয়ে স্বর্ণ ও রুপা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন পবন শীল। পথে তিন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে হামলা চালায়।
এ সময় দুর্বৃত্তরা রড দিয়ে তাদের মারধর করে সঙ্গে থাকা মালামাল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
হামলার সময় দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বুলেটও উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ হোসেন বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
