আশুলিয়া প্রতিনিধি ; আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা।
এর আগে বুধবার সন্ধ্যা ৭টা ও রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার ধামসোনা ও পাথালিয়া এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বরিশাল জেলার গৌরনদী থানার কটকস্থল এলাকার কদম আলী মাঝির ছেলে মোঃ নুরুজ্জামান মাঝি (২৯) এবং ভোলা জেলার ভোলা সদর থানার ভেদুরিয়া ৫নং ওয়ার্ড এলাকার মৃত রফিকুর ইসলামের ছেলে মোঃ মাসুদ ওরফে রানা (২৭)। বর্তমানে নুরুজ্জামান আশুলিয়ার নিরিবিলি এলাকায় জনৈক কামাল মুদি দোকানদারের বাড়িতে এবং মাসুদ বাইপাইল এলাকায় রতনের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে বলে জানা যায়।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পুরাতন ইপিজেডের বিপরীতে হাশেম প্লাজার সামনে অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ মাসুদ ওরফে রানাকে আটক করেন। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার পৌঁনে ১০টার দিকে পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি হোমগার্ডেন এলাকায় অভিযান চালিয়ে মোঃ নুরুজ্জামান মাঝি নামের আরেক মাদক কারবারিকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
