বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় বিছানায় পড়েছিল স্ত্রীর লাশ, স্বামী পলাতক
daily-fulki

আশুলিয়ায় বিছানায় পড়েছিল স্ত্রীর লাশ, স্বামী পলাতক


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ভাড়া বাসা থেকে বিথী আক্তার (২২) নামের এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায় স্বামী মজনু মিয়া।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া পূর্বপাড়া রূপায়ন গেট এলাকার শাহীন মিয়ার বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিথী আক্তার (২২) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার তালুক শিমলাবাড়ী এলাকার বাদশা মিয়ার মেয়ে। পলাতক স্বামী মজনু মিয়ার বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে আশপাশের লোকজন বাসার দরজা দিয়ে বিছানার ওপর বিথীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গত রাতের কোন এক সময় তাকে হত্যার পর সেুযোগ বুঝে স্বামী পালিয়ে গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে নিহতের স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

সর্বাধিক পঠিত