বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের কঠোর নির্দেশনার মধ্যেই সাভারে বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন
daily-fulki

সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের কঠোর নির্দেশনার মধ্যেই সাভারে বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার : দেশে বিরামহীন বিদ্যুতের লোডশেডিং অতিষ্ঠ সাধারণ মানুষ। বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে এবং দেশের শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। 


এছাড়া সাভারে গত ১০ দিনের মধ্যে ৩টি স্থান থেকে রাইছ কুকার ও উচ্চ ক্ষমতাসনম্পন্ন পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ধারণা করছে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্য সন্ত্রাসীরা সাভারকে নিরাপদ স্থান মনে করেছে। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশেল বিভিন্নস্থানে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে সন্ত্রাসীরা। এ অবস্থায় সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আইন শৃঙ্খলা বাহিনীসহ সচেতন মহল।


এমন পরিস্থিতিতেই বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় সাভারে উদ্বোধন করা হয়েছে ‘বৃক্ষ ও তাঁত মেলা’। সাভার প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মোরাদ, সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা।


মেলা প্রাঙ্গণে আলোকসজ্জা, বিভিন্ন স্টল, নাগরদোলা ও অন্যান্য রাইডসহ নানা আয়োজন রয়েছে। এসব আয়োজন পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হচ্ছে বলে জানা গেছে। ফলে একদিকে সরকার যখন সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে এবং দেশের শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছে অন্যদিকে একই সময়ে ব্যাপক বিদ্যুৎনির্ভর বিনোদন ও আলোকসজ্জার আয়োজন কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 বিশেষ করে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে লোডশেডিং চলমান থাকা অবস্থায় মেলার আলোকসজ্জা, নাগরদোলা ও অন্যান্য বৈদ্যুতিক রাইডে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার কতটা প্রয়োজনীয় এবং তা সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটিই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। এছাড়াও সাভারের একাধিক স্থান থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা উদ্ধার এবং নিষ্ক্রীয় করেছে বোমা নিষ্ক্রিয় দল সিটিটিসি।


এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলামের সঙ্গে আলাপ করলে তিনি জানান, মেলার লিখিতভাবে কোন অনুমতি নাই। তবে ডিসি স্যার বিষয়টি জানেন। কিন্তু সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির বাহিরে আমাদের যাওয়ার কোন সুযোগ নেই। এছাড়া সাভারের একাধিক স্থান থেকে অতিসম্প্রতি বোমা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়টিও বিবেচনায় নিতে হবে। আমি ডিসি স্যারের সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিবো।


এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মো: সাইফুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারের নির্দেশ কোনভাবেই অমান্য করার সুযোগ নেই। আমাদের কাজ সরকারের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন করা।


সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার কাছে মেলার অনুমতি এবং সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতি ঘোষণায় মেলার সময়সূচির বিষয় জানতে চাইলে জানান, জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসকের কাছ থেকে এক মাসের জন্য মেলার অনুমতি নেয়া হয়েছে। আর সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির ঘোষণাটি আসছে পরে। এখন মেলা পরিচালনা কমিটির সঙ্গে আলাপ করে সময়সূচি নির্ধারণ করা হবে।  
 

সর্বাধিক পঠিত