সিলেট সংবাদদাতা : সিলেট নগরের রায়নগর আবাসিক এলাকায় একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর মিতালী ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— রায়নগর মিতালি ১১১ নম্বর বাসার আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) ও গৃহপরিচারিকা (২৫)।
পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার আওতাধীন রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে তিনটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘রায়নগরের একই বাসা থেকে তিনজনের মরদেহ পাওয়া গেছে। বাড়ির কর্তা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এর বেশি তথ্য এখানো জানা যায়নি। পরে বিস্তারিত জানানো যাবে।
