বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব
daily-fulki

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব


ফুলকি ডেস্ক : আর কয়েক ঘণ্টা পরই বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। একই সরলরেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী অবস্থান করায় সৃষ্টি হবে পূর্ণ সূর্যগ্রহণ। ধরণীতে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিলো দুই হাজার চব্বিশের এপ্রিলে। দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে পৃথিবীবাসী।

এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু এলাকাতেও গ্রহণটি দৃশ্যমান হবে। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হয়েছে।

বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখতে ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা নির্দিষ্ট এলাকাগুলোতে জড়ো হয়েছেন। তবে কয়েকটি অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকায় গ্রহণ দেখার ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তাও তৈরি হয়েছে।

বাংলাদেশ সময় বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হওয়ার কথা। পূর্ণগ্রাস পর্যায়ের স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড।


চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে এসে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। আর চাঁদের আকার পৃথিবী থেকে সূর্যের প্রায় সমান দেখায় বলেই নির্দিষ্ট পরিস্থিতিতে সূর্যের পুরো চাকতি চাঁদের আড়ালে ঢাকা পড়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সৃষ্টি হয়।

নাসার তথ্য অনুযায়ী, প্রতিবছর পৃথিবীর কোথাও না কোথাও দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটে। তবে এর মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। গড়ে প্রতি দেড় বছর পর পৃথিবীর কোনো না কোনো অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। আর এক শতাব্দীতে গড়ে প্রায় ৬৬টি পূর্ণ সূর্যগ্রহণ ঘটে।

 

সর্বাধিক পঠিত