স্টাফ রিপোর্টার : সাভারস্থ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি)’র প্রধান ফটকের সামনে রোববার (৯ আগস্ট) ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে পুলিশের অভিযানকালে বিপিএটিসি’র স্টাফ কোয়ার্টারের একটি বিল্ডিংয়ের ৫ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মনোয়ারুল ইসলাম বকশীর (২৯) মৃত্যুবরণ করেছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে বিপিএটিসি যুব কল্যাণ সংঘের ব্যানারে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বিপিএসিটি যুব সংঘের সভাপতি মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারী, স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, নিহত মনোয়ারুল ইসলাম বকশি’র বিরুদ্ধে কোন মামলা ছিলো না। পুলিশ পরিকল্পিতভাবে ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে মনোয়ারুল ইসলাম বকশিকে। আমরা মনোয়ারুল হোসেন বকশি’র হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের বিচারের দাবী করছি।
মানববন্ধনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, মনোয়ারুল ইসলাম বকশি’র বড় ভাই মোমদেল হোসেন, ছাত্রদল নেতা সুজন সিকদার, সালমান শাহ শান্ত, সাগর হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভিকটিম মনোয়ারুল হোসেন বকশীর পিতা মোঃ জাফর বকশী বিপিএটিসির তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে কর্মরত।
