সোমবার, ১০ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জ থানা থেকে জব্দ করা মোটরসাইকেল উধাও
daily-fulki

মানিকগঞ্জ থানা থেকে জব্দ করা মোটরসাইকেল উধাও


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর থানায় পুলিশ হেফাজতে থাকা একটি মোটরসাইকেল উধাও হয়ে গেছে।
মোটরসাইকেলটি হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের সট্টি এলাকার শাহিন শেখের ছেলে সিয়াম শেখের।


তিনি বলেন, ২৭ জুলাই কাগজ না থাকায় মামলা দিয়ে মোটরসাইকেল জব্দ করেন এসআই মো. এমদাদুল হক। তারপর থেকে মোটরসাইকেলটি থানায় ছিল।
এরমধ্যে সিয়াম ও তার মামাতো ভাই রাজীব হোসেন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় যান। তখন তাদের জানানো হয়, মামলা নিষ্পত্তি হলেই মোটরসাইকেলটি নিয়ে যেতে পারবেন।


এর দুইদিন পর থানা থেকে তাদের ফোন করে জানানো হয়, মামলা নিষ্পত্তির প্রয়োজন নেই। তারা থানায় এসে মোটরসাইকেলটি নিয়ে যেতে পারবেন।
৪ অগাস্ট সিয়ামের মামাতো ভাই রাজীব মোটরসাইকেলটির বিষয়ে জানতে থানায় যান। তখন এসআই এমদাদুল হক জানান, মোটরসাইকেলটি থানা থেকে খোয়া গেছে।


সিয়াম শেখ বলেন, “পুলিশ হেফাজত থেকে মোটরসাইকেল কীভাবে চুরি হয়? সেটি অবশ্যই তদন্ত করা হোক।”
রাজীব হোসেন বলেন, “থানা থেকে আমাদের মোটরসাইকেলটির ক্ষতিপূরণ বাবদ টাকা দিতে চেয়েছে। আমরা আমাদের মোটরসাইকেলই ফেরত চাই।”
এসআই এমদাদুল হক বলেন, “থানা প্রাঙ্গণ থেকেই মোটরসাইকেলটি মিসিং হয়েছে। মোটরসাইকেল উদ্ধার ও বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”


হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসেন বলেন, “থানার সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি।”

 

সর্বাধিক পঠিত