রবিবার, ৯ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় কাফনের কাপড় গুলি গোলাপ জল আতর সাবান পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি
daily-fulki

আশুলিয়ায় কাফনের কাপড় গুলি গোলাপ জল আতর সাবান পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

 


স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকায় বিএনপির স্থানীয় এক নেতাকে গুলি ও কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ নেতার বাসার প্রধান ফটকের সামনে একটি বাজারের ব্যাগে রাখা কাফনের কাপড়, গুলি, আতর, সাবান, গোলাপজলসহ একটি চিঠি দিয়ে তাঁকে এ হুমকি দেওয়া হয়। বিষয়টি থানায় জানানোর পর আশুলিয়া থানা পুলি ব্যাগটি জব্দ করেছে।


হুমকি পাওয়া নেতার নাম ইসমাইল হোসেন মোল্লা। তিনি উপজেলার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও আগামী নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদপ্রার্থী হিসেবে প্রাথমিক প্রচারনায় রয়েছেন। পরিবারের সদস্যরা জানান শনিবার ভোর পাঁচটার দিকে বাসার ফটকের সামনে বাজার করার ব্যাগটি প্রথমে দেখতে পান ইসমাইল। ব্যাগে হুমকির চিঠিসহ কাফনের কাপড় ও অন্যান্য জিনিস রাখা ছিল।


চিঠিতে লেখা ছিল, ‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাই জন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে, নিজেও বুঝতে পারবেন না। কারণ, এই জগৎসংসারে হরেক রকমের মানুষের বসবাস। ভালোবেসে শেষবিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয়, নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে সালাম দিবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি- অদৃশ্য মুসাফির।’
বিএনপির নেতা মো. ইসমাইল হোসেন মোল্লা সাংবাদিকদের বলেন, ‘এত দিন তো ভেবেছিলাম, আমার কোনো শত্রু নেই। এখন তো দেখছি শত্রু আছে। তিনি বলেন কে বা কারা হুমকি দিয়েছে, তা বুঝতে পারছি না। তবে এই হুমকির ভয় আমি পরোয়া করি না। আমি প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। তিনি জানান এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।’


খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাজারের ব্যাগটি উদ্ধার করা হয় বলে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম,অপস ও ট্রাফিক ঢাকা উত্তর) জাহাঙ্গীর আলম। ব্যাগ থেকে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি উদ্ধারের ঘটনাটি সিসিটিভি ক্যামেরা যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আপাতত একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
 

 

সর্বাধিক পঠিত