স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর উদ্যোগে শুক্রবার (৭ আগস্ট) সাভারের অ্যাসেড স্কুল (ইংলিশ ভার্সন ক্যাম্পাস)-এ "Facilitation Skill Training on SQC" শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন হয়েছে। অ্যাসেড স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক ফুলকির সম্পাদক ও সাভার নাগরিক ফোরামের সভাপতি নাজমুস সাকিব।
বিএসটিকিউএম’র এক্সিকিউটিভ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুন নূর প্রশিক্ষণ কর্মসূচিতে আলোচক ছিলেন। সাভারের ১৫টি প্রতিষ্ঠানের ৩৭ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে SQC-এর মৌলিক ধারণা, দলগত সমস্যা সমাধানের কৌশল, কার্যকর ফ্যাসিলিটেশন দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং কর্মক্ষেত্রে ধারাবাহিক মানোন্নয়নের বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।
অংশগ্রহণকারীরা দলীয় অনুশীলন, আলোচনা ও ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে বিষয়গুলোর ওপর বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করেন।
আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত সংস্কৃতি গড়ে তোলা, দলগত কাজের সক্ষমতা বৃদ্ধি এবং ধারাবাহিক উন্নয়নের চর্চা জোরদার করার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান ও দক্ষতা অংশগ্রহণকারীদের পেশাগত কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে এবং প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে সহায়ক হবে।
দুদিনব্যাপী প্রশিক্ষণ শেষে আগামীকাল শনিবার (৮ আগস্ট) অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
