মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএসটিআইর লোগো জালিয়াতি করে ‘মিল্ক ভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সাটুরিয়া উপজেলার হাসপাতাল রোড এলাকায় অবস্থিত ওই আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের কোনো বৈধ অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে সংস্থার লোগো ব্যবহার করে আসছিল। একই সঙ্গে ভোক্তাদের বিভ্রান্ত করতে রাষ্ট্রায়ত্ত ব্র্যান্ড ‘মিল্ক ভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে নিম্নমানের আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করছিল।
অভিযান চলাকালে অভিযোগের সত্যতা ও জালিয়াতির সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি বলেন, বিএসটিআইয়ের লোগো জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা এবং প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম অনুকরণ করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা গুরুতর ও দণ্ডনীয় অপরাধ। তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় বিএসটিআই অনুমোদন গ্রহণ করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে কারখানাটি সিলগালা করা হবে।
