স্টাফ রিপোর্টার : দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৪.০০ টায় সাভার মডেল মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
মিছিল-পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, গণভোটের গণরায়ের মধ্যদিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটিই ছিল জাতীয় সংকট উত্তরণের মূল ভিত্তি। কিন্তু বিএনপি সরকার সেই ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, গণরায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের পথে হাঁটলে জুলাইয়ের জাতীয় ঐক্য অটুট থাকত। তখন পতিত ফ্যাসিবাদ নাশকতা ও অগ্নিসন্ত্রাস করার সাহস পেত না।
তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই বিএনপি নিজেরাই ফ্যাসিবাদের পথে হেঁটেছে। চাঁদাবাজি, দখলবাজি ও খুন-খারাবিতে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিতর্ক ও বিভেদ উসকে দিয়ে জুলাইয়ের চেতনাকে সমূলে উপড়ে ফেলার ষড়যন্ত্রের ফাঁদে আটকা পড়েছে বিএনপি। পতিত ফ্যাসিবাদের সমর্থক ও কালোটাকার সুবিধাভোগীরা বিএনপির আশ্রয়ে থেকেই আবারও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। তারা বিএনপির কোলে আশ্রয় নিয়ে কালসাপ হয়ে ফিরে আসতে চায়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম, সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন ও মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা সভাপতি হারুনর রশীদ ও ছাত্রশিবিরের জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসেন রাকিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, লুৎফর রহমান মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি হারুনর রশীদ, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমীর আজিজুর রহমান, সাভার থানা আমীর আব্দুল কাদের, কেরানীগঞ্জ দক্ষিণের আমীর ইলিয়াস, ধামরাই থানা আমীর মাওলানা আব্দুল হালিমসহ জেলা ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা।
