সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
সিংগাইরে রান্নাঘরের পেছনে মিলল ৩৮ কেজি গাঁজা, জড়িত চার নারী আটক
  • প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ সকাল
সিংগাইরে রান্নাঘরের পেছনে মিলল ৩৮ কেজি গাঁজা, জড়িত চার নারী আটক

সিংগাইরে রান্নাঘরের পেছনে মিলল ৩৮ কেজি গাঁজা, জড়িত চার নারী আটক

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)  : মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক নারীরা হলেন—ওই গ্রামের রুজিনা বেগম (৩৫), তাসলিমা বেগম (৩২), তানহা (১৯) ও হাজেরা বেগম (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই চার নারী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। রোববার রাতে তাঁদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয় বাসিন্দারা চ্যালেঞ্জ করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাঁদের আটক করে উদ্ধার করা মাদকসহ সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা রমজান আলী অভিযোগ করে বলেন, ওই পরিবারের গৃহকর্তা  আক্কাস ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এর আগে ওই পরিবারের কয়েকজন সদস্য মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তাঁরা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ তাঁরা। রোববার রাতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই পরিবারের বাড়িতে অভিযান চালান।

এ সময় রান্নাঘরের পেছন থেকে বিপুল পরিমাণ গাঁজার চালান উদ্ধার করা হয়। তবে ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত ঝর্ণা আক্তার পালিয়ে যান বলে দাবি করেন তিনি। বর্তমানে আটক চার নারী পুলিশ হেফাজতে রয়েছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।