ফুলকি ডেস্ক : বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবাসন ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আগের অবস্থান থেকে সরে এসে নতুন বার্তার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি প্রথমে জানান, বাংলাদেশের পক্ষ থেকে যে প্রত্যাবাসনের অনুরোধ করা হয়েছে তা এখনো যাচাই-বাছাই করা হচ্ছে।
তবে এর পরপরই নতুন তথ্য যোগ করে তিনি আরও বলেন, যখন কোনো নাগরিক তার নিজের দেশে নিজের ইচ্ছায় ভ্রমণ করতে চায় তখন সেটি আলাদা বিষয়।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবসময়ই বলা হতো যে শেখ হাসিনার প্রত্যাবাসন একটি আইনগত বিষয় এবং এটিকে আইনগতভাবেই মোকাবিলা করা হবে।
ভারতের এই নতুন অবস্থানের পাশাপাশি আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫৫ বছর পূর্তি হবে এই দিনে। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। এরপর থেকে টানা ভারতে অবস্থান করার পর এবার বিজয় দিবসে নিজ দেশে ফেরার কথা জানালেন তিনি।
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে স্পষ্টভাবে জানান, যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গেছিলেন, তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।
