স্টাফ রিপোর্টার : সাভারের রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ইউটার্ণ নেওয়ার সময় রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এতে বাস ও মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টারদিকে রেডিও কলোনি এলাকার ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় রাজধানী পরিবহনের বাসটি রেডিও কলোনি এলাকায় ইউটার্ন নিচ্ছিল। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (রোড ডিভাইডার) ওপর উঠে যায় এবং মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। এ সময় মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক ফেটে পেট্রোল ছড়িয়ে পড়লে সংঘর্ষের সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে মুহূর্তেই আগুন ধরে যায়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে সেটি বাসের নিচে ঢুকে যায়। পরে মোটরসাইকেলের ট্যাংকি থেকে পেট্রোল পড়ে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর আগেই যানবাহন দুটি পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টারদিকে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটির সামনে একটি মোটরসাইকেলও আগুনে পুড়েছে। এটি দুর্ঘটনার কারণে সৃষ্ট আগুন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ বা নাশকতা রয়েছে-তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে পুলিশ আরও বিস্তারিত বলতে পারবে। দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
