স্টাফ রিপোর্টার : দীর্ঘ প্রতীক্ষার পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে প্রস্তাব দিতে যাচ্ছে মালিকপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মাসিক ১১৩ থেকে ১১৫ ডলারের সমপরিমাণ মজুরি প্রস্তাব করা হতে পারে।
বর্তমান বিনিময় হার অনুযায়ী, এর পরিমাণ প্রায় ১৪ হাজার ৩০০ টাকা। তবে শ্রমিকপক্ষের দাবি ৩২ হাজার টাকা।
বিজিএমইএর দুই নেতার দেওয়া তথ্য অনুযায়ী, মালিকপক্ষের প্রস্তাবটি মাসিক মজুরি হিসেবে দেওয়া হবে। ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত পোশাকশ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
গত ৯ নভেম্বর মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ এ মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল।
মালিকপক্ষের প্রস্তাব গ্রহণযোগ্য না হলে শ্রম অসন্তোষ আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।
এর মধ্যে রবিবার গাজীপুরের শ্রীপুরে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মজুরি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। অন্যদিকে সাভার ও আশুলিয়ায় ২১টি কারখানা বন্ধ ছিল।
আরো ১৮টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসেন জানান, শ্রমিক বিক্ষোভের মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ১৯টি কারখানা গতকাল খুলে দেওয়া হয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বন্ধ থাকা বেশির ভাগ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। মালিকপক্ষের প্রস্তাব জমা হলে শিল্পাঞ্চলে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল।
বিজিএমইএর অভিযোগ, সিপিডির হিসাবে বাসাভাড়া দুইবার গণনা করা হয়েছে এবং পরিবারের সদস্যসংখ্যাও তুলনামূলক বেশি ধরা হয়েছে।
তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে সিপিডি জানিয়েছে, আবাসন ব্যয় আলাদাভাবে হিসাব করা হয়েছে; দ্বৈত গণনা হয়নি। প্রতিষ্ঠানটির মতে, মজুরি নির্ধারণে শ্রমিকদের প্রয়োজনের পাশাপাশি শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয়, সুদের হার, রপ্তানিমূল্য ও যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত চাপ বিবেচনা করা জরুরি। একসঙ্গে জ্বালানিসংকট, উচ্চ সুদের হার ও দুর্নীতির মতো সমস্যার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে মজুরি কম রাখা উচিত নয়।
