রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
নড়াইলে সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় আওয়ামী লীগের হামলা, দুই বিএনপি নেতা নিহত
  • প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ দুপুর
নড়াইলে সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় আওয়ামী লীগের হামলা, দুই বিএনপি নেতা নিহত

নড়াইলে সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় আওয়ামী লীগের হামলা, দুই বিএনপি নেতা নিহত


নড়াইল সংবাদদাতা : নড়াইলের কালিয়ায় সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র শোভাযাত্রায় অতর্কিত হামলা করেছে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) ও বিএনপি নেতা সোহেল শেখ নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশক’জন। এছাড়া শোভাযাত্রার একাধিক মোটরসাইকেল ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছায়। এসময় আগে থেকে ওঁৎপেতে থাকা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০০-৪০০ নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫), বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)’সহ বেশ কয়েকজন আহত হন।

আহতদের কয়েকজনকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অন্যদিকে, গুরুতর আহত সোহেল শেখ ও শাহীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পথিমধ্যে শাহীন ও সোহেল শেখের মুত্যু হয়। কালিয়া সার্কেল এএসপি রবিন হালদার সোহেলের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম কৃককদলের সাংগঠনিক সম্পাদক শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর বক্তব্য পাওয়া যায়নি।