স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ককটেল হামলা, নৈরাজ্য ও কথিত লকডাউনের প্রতিবাদে সাভারে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সাভারের নবীনগর জয় রেস্টুরেন্টের সামনে থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
এ সময় মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ককটেল হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের অপশক্তি যেন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে ভয়ভীতি সৃষ্টি এবং নৈরাজ্য চালানোর অপচেষ্টা প্রতিহত করা হবে। সাভার-আশুলিয়ার মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার অনুরোধ জানান।
এছাড়াও সকাল থেকে সাধারণ মানুষ তাদের কর্মব্যস্ততা ও জীবনযাপন স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান নেতাকর্মীরা।
