রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
dailyfulki
  • প্রকাশ : বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২:০০ রাত
জাকসুর প্রার্থীদের ডোপ টেস্টের দাবিতে অনশনে ভিপি প্রার্থী

জাকসুর প্রার্থীদের ডোপ টেস্টের দাবিতে অনশনে ভিপি প্রার্থী


জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করানোর দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছেন মো. রাব্বি হাসান নামের এক শিক্ষার্থী। তিনি জাকসুর ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের নিচতলায় অনশনে বসেন তিনি। রাব্বি হাসান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী।


সরেজমিন দেখা যায়, পুরাতন প্রশাসনিক ভবনের নিচতলায় সিঁড়ির কক্ষে রাব্বি হাসান অনশনে বসেছেন। তার সামনে দুটি প্ল্যাকার্ড। একটিতে লেখা, ‘নির্বাচন কমিশন কর্তৃক জাকসু নির্বাচনের প্রত্যেক প্রার্থীকে বাধ্যতামূলক ডোপ টেস্ট করাতে হবে’; আরেকটিতে লেখা, ‘ডোপ টেস্টের দাবিতে অনশন কর্মসূচি’।


এ বিষয়ে রাব্বি হাসান বলেন, ‘জাকসুর নির্বাচন কমিশন যে আচরণবিধি দিয়েছে, সেখানে উল্লেখ আছে মাদকাসক্ত কেউ প্রার্থী হতে পারবেন না। কিন্তু ওই বিধিতে একটি ফাঁক রাখা হয়েছে। নির্বাচন কমিশন বলছে, কোনও প্রার্থীর বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ দেওয়া হলে তাদের ডোপ টেস্ট করানো হবে। জাকসুর খসড়া প্রার্থী তালিকায় ২৫৬ জনের নাম আছে। এখন কীভাবে বুঝবো কে মাদকাসক্ত আর কে মাদকাসক্ত নন।

আর আমরা সব প্রার্থীকে তো চিনি না। অনেকে গোপনে মাদক সেবন করে থাকতে পারেন। সেক্ষেত্রে অভিযোগ না দিলে তার ডোপ টেস্ট করানো হবে না। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগেই সব প্রার্থীকে বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করাতে হবে, এটাই আমার দাবি। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবো।’

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘অনশনে না বসে আমি ওই শিক্ষার্থীকে আহ্বান জানাবো নির্বাচন কমিশন বরাবর আবেদন দিতে। সেটি আমরা পরবর্তী সভায় আলোচনা করবো। আর আচরণবিধিতেই আছে কোনও প্রার্থীর বিরুদ্ধে মাদকাসক্তের তথ্য পেলে সেই প্রার্থীর ডোপ টেস্ট করাবে নির্বাচন কমিশন।’