বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
গরুর নলি কিনে দেখেন ভেতরে চর্বি দিয়ে ভরা, আদালতে নারী
  • প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ দুপুর
গরুর নলি কিনে দেখেন ভেতরে চর্বি দিয়ে ভরা, আদালতে নারী

গরুর নলি কিনে দেখেন ভেতরে চর্বি দিয়ে ভরা, আদালতে নারী


স্টাফ রিপোর্টার : পরিবারের সদস্যদের জন্য শখ করে গরুর নলি রান্না করতে চেয়েছিলেন পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা লাইলী বেগম। সেই উদ্দেশ্যে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি মাংসের দোকান থেকে গরুর মাংস ও নলি কেনেন তিনি। কিন্তু বাসায় ফিরে নলি কাটতেই চোখে পড়ে অস্বাভাবিক কিছু। নলির ভেতরে কাঙ্ক্ষিত মাংস বা স্বাভাবিক উপাদানের পরিবর্তে পাওয়া যায় আলগা করে ভরা চর্বি।


দোকানির কাছে বিষয়টি জানাতে গিয়েও প্রত্যাশিত সমাধান না পেয়ে উল্টো আংশিক টাকা ফেরতের প্রস্তাব ও হুমকির মুখে পড়ার অভিযোগ করেন তিনি। শেষমেষ কেনা মাংস ও নলির নমুনা নিয়ে ঢাকার আদালতপাড়ায় ছুটে যান ক্ষুব্ধ এই গৃহিণী।


বুধবার দুপুর ২টা থেকে ৩টা পেরিয়ে যাওয়ার পরও ঢাকা আদালত চত্বরে লাইলী বেগমকে ঘুরতে দেখা যায়। তার হাতে থাকা একটি সবুজ রঙের পলিথিনে সংরক্ষিত ছিল কেনা মাংস ও নলি। আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষের সামনে তিনি নলির দুটি অংশ আলাদা করে দেখাচ্ছিলেন-যার একটিকে তিনি আসল এবং অপরটিকে নকল বলে দাবি করছিলেন।
তার অভিযোগ, নলির ভেতরে চর্বি ঢুকিয়ে মাংসের নামে বিক্রি করে ক্রেতার সঙ্গে প্রতারণা করা হয়েছে।


লাইলী বেগমের ভাষ্য, তিনি ৮০০ টাকা কেজি দরে গরুর মাংস এবং ৫৫০ টাকা দিয়ে এক কেজি নলি কেনেন। তবে তার দাবি, কেনা নলির একটি অংশের ভেতরে প্রায় এক কেজির কাছাকাছি চর্বি পাওয়া গেছে।
আদালত এলাকায় নিজের কেনা নলির নমুনা দেখিয়ে তিনি বলেন, একটা আসল চর্বি আর একটা নকল আছে। নলি এইটা আমার বাম হাতেরটা হচ্ছে আসলটা, আর এইটা হচ্ছে নকলটা। আমি ৮০০ টাকা কেজি গরুর মাংস নিয়ে এসেছিলাম। উনি আমাকে এক কেজির মতো নলির ভিতরে চর্বি দিয়ে ভরে রাখছে।


তিনি আরও বলেন, এক কেজি নলি নিয়েছিলাম ৫৫০ টাকা দিয়ে। ওটার ভেতরে চর্বি দিয়ে রাখছে। নলির ভেতরে মাংস যেটা নিয়েছিলাম, চর্বি দিয়ে ভরা। একদম চর্বি দিয়ে ভরা নলি নাই। এটা একদম নকল। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব, উনারা এটা চর্বি দিয়ে রাখছে।


এক পর্যায়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে লাইলী বেগম জানান, বিষয়টি বুঝতে পেরে কেনার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই তিনি দোকানির কাছে যান এবং টাকা ফেরত অথবা পণ্য পরিবর্তনের দাবি জানান।
তবে তার অভিযোগ, দোকানি পুরো টাকা ফেরত দিতে রাজি হননি। লাইলী বেগমের ভাষ্য, ৫৫০ টাকার মাংস ও হাড্ডির বদলে তাকে ৩৫০ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এর প্রতিবাদ করে তিনি বলেন, কেন ৩৫০ টাকা নেবেন, বরং মাংস বদলে দেওয়া হোক বা পুরো টাকা ফেরত দেওয়া হোক।


সাংবাদিক ও পুলিশের কাছে যাওয়ার কথা বললে দোকানির পক্ষ থেকে পাল্টা ‘আমাদের কিছু হবে না’ বলে হুমকি দেওয়ার অভিযোগও তোলেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত দোকানির বক্তব্য জানা সম্ভব হয়নি।
আদালতপাড়ায় আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে লাইলী বেগম বলেন, শুধু নিজের কেনা পণ্যের টাকা ফেরত পাওয়াই তার লক্ষ্য নয়; এমন প্রতারণা চলতে থাকলে স্বল্প আয়ের মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তিনি বলেন, আজ তার কাছে টাকা থাকায় তিনি সামলে নিতে পারছেন, কিন্তু গরিব মানুষ এভাবে ঠকলে কোথায় যাবে। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শিক্ষা হওয়া দরকার বলে মনে করেন তিনি।


আদালত চত্বরে এসে এখনো কোনো সহায়তা পাননি উল্লেখ করে তিনি বলেন, আমি চাই এটা সবাই দেখুক, আমার এই ভিডিওটা সবাই জানুক। আমি যাতে এটার প্রমাণ পাইতে পারি এবং মানুষের একটা শিক্ষা হতে পারে।
আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে দৃঢ়তা প্রকাশ করে লাইলী বেগম বলেন, আমি অবশ্যই থানায় অভিযোগ করব। কারণ মানুষকে ঠকাবে কেন? আজকে টাকা-পয়সা আছে, মানে হাজবেন্ডের... আজকে খেতে পারতেছি, গরিব মানুষ তো খেতে পারবে না।


এ বিষয়ে ঢাকা আদালতের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম জানান, প্রতারণার অঙ্ক কম বা বেশি যা-ই হোক, তা আইনের চোখে অপরাধ। দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা ও ছলচাতুরীর মাধ্যমে কাউকে সম্পত্তি বা অর্থ হস্তান্তরে প্ররোচিত করার অপরাধে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। এমন ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার পাশাপাশি চাইলে আদালতেও মামলা করতে পারেন বলে জানান এই আইনজীবী।
শেষ খবর পাওয়া পর্যন্ত, লাইলী বেগম ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে গিয়েছেন। তবে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।