স্টাফ রিপোর্টার : খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদীরা দেশে ফিরে আসার চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তা রুখে দেবে। এতে কোন ধরনের সন্দেহের অবকাশ নেই। এ ক্ষেত্রে সরকারি দল ও বিরোধী দলকে এক কাতারে দাড়াতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা শাপলা চত্বরের খুনি, চব্বিশের খুনি, আগুন সন্ত্রাসী, লেডি কিলার হিসেবে কুখ্যাতি অর্জন করে দেশ থেকে বিতারিত হয়ে মোদীর দেশে আশ্রয় নিয়েছে।
খেলাফত মজলিসের আমির শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সাভার মডেল মসজিদের সামনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের উদ্যোগে সারা দেশে সন্ত্রাস চাঁদাবাজ নির্মূলে কার্যকর পদক্ষেপসহ বিভিন্ন দাবিতে নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেছেন ।
এসময় তিনি আরো বলেন, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের ফিরে আসার কোন সুযোগ নেই। শেখ হাসিনার বিচার হবে। ইতোমধ্যে তার বিরুদ্ধে রায় হয়েছে। রায় কার্যকর করা হবে। দেশবাসী হাসিনার বিচারের রায় কার্যকর দেখতে চায়।
তিনি আরও বলেন, শেখ হাসিনার হাতে শহীদের বাবা মায়ের কলিজার টুকরোদের হত্যার বিচার দেখার অপেক্ষা করছেন তাদের বাবা-মায়েরা। বিচারের পরে কোন নিরীহ ভালো আওয়ামী লীগ নেতাকর্মীরা থাকলে তারা রাজনীতি করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে একমাত্র আল্লাহ প্রদত্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী, ঢাকা জেলা উত্তরের সহসভাপতি মুফতি শাহেদ জাহিরী, সহসভাপতি
মুফতি সুলতান মাহমুদ, সহসভাপতি মুফতি মাহমুদুল হাসান আওলাদ, ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী প্রমুখ বক্তব্য রাখেন।
