রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
  • প্রকাশ : বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২:০০ রাত
এনসিপির ওপর হামলা : সারা দেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

এনসিপির ওপর হামলা : সারা দেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা


স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দফায় দফায় হামলার ঘটনায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে জানান, এনসিপির ওপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ১৭ জুলাই (বৃহস্পতিবার) দেশের সব জেলা ও মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।


আজ বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন, গোপালগঞ্জ জেলায় বুধবার এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছে। তারা এনসিপির নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে এনসিপি নেতাদের গাড়িতে হামলা করে এবং তাদের অবস্থানস্থল পুলিশ সুপারের (এসপি) অফিসেও হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় এনসিপির বহু নেতাকর্মী ও সাধারণ জনগণ আহত হয়েছেন। সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। তাদের সৃষ্ট সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগের প্রতিবাদে আগামীকাল ১৭ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশের সব জেলা/মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো।

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আমি এ কর্মসূচি পালনের জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।