স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পরও এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণের সুযোগ পাবেন।
এছাড়া আগে ফরম পূরণ করতে পারেননি, এমন শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন।
বুধবার (২৫ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত এসব শিক্ষার্থী ফরম পূরণ করতে পারবেন। গতকাল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় ২৫ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখও ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
এতে আরো বলা হয়, গত ২৩ নভেম্বর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর যেসব পরীক্ষার্থী এখনো এক বা দুই বিষয়ে অকৃতকার্য রয়েছেন, তারা নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারবেন। এছাড়া এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে যারা আগে ফরম পূরণ করতে পারেননি, তারাও এ সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।
