সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন
  • প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২২ দুপুর
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন


স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা ফল দেখতে পারছেন। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।

সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের সময় ও পদ্ধতি জানানো হয়। এরপর নির্ধারিত সময়ে শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ শুরু করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন পদ্ধতিতে পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া কতজন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা জানা যাবে বোর্ডভিত্তিক বিস্তারিত ফল থেকে।

শিক্ষার্থীরা কেন্দ্রীয় ওয়েবসাইট https://eduboardresults.gov.bd/ থেকে ফল দেখতে পারবেন। এছাড়া পুনঃনিরীক্ষণের আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তারা বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেন।

শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে মোট ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়।