মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৪ দুপুর
ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান


ধামরাই প্রতিনিধি : ধামরাই উপজেলার রাজাপুর কবরস্থানে অভিনেতা সোহেল খানকে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার মাগরিবের নামাজের পর তাঁকে সেখানে দাফন করা হয়। এর আগে রাজাপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

বগুড়ায় ‘নসীব’ নামের সিনেমার শুটিয়ে গিয়ে আজ সকালে অসুস্থ হয়ে পড়লে সোহেল খানকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিকেল ৪টার তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।

সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে সোহেল খান ছিলেন সবার বড়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে বগুড়ায় ছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে ইউনিটের এক সদস্য দেখেন, তিনি বিছানায় পড়ে আছেন। ডেকে সাড়া না পেয়ে ওই সদস্য অন্যদের ডাকেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সময় পেলেই গ্রামে ছুটে যেতেন

আজ বিকেলে সোহেল খানের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে খাটিয়ায় রাখা হয়েছে মরদেহ। আত্মীয়স্বজনের কেউ আহাজারি করছেন। কেউ বিমর্ষ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন। কেউ কেউ আবার একে অপরের সঙ্গে সোহেল খানকে নিয়ে স্মৃতিচারণা করছেন।

সোহেল খানের ফুফাতো ভাই আবদুল আলীম খান সেলিম বলেন, ‘সোহেল গ্রামপাগল মানুষ ছিলেন। অনেক সময় তাঁকে বকাঝকা করেছি, কখনো রাগ করেননি।’

বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ নাহিদ হোসেন খান। সম্পর্কে সোহেল খান তাঁর মামা হন। নাহিদ হোসেন বলেন, ‘সোহেল মামা আঞ্চলিক ভাষায় কথা বলা বা এলাকার যে রীতিনীতি, আচার-ব্যবহার—এগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। উনি একেবারেই সহজ-সরলভাবে আশপাশের লোকজনের সঙ্গে মিশতেন।’

গ্রামের সামাজিক কাজে সক্রিয় অংশগ্রহণ ছিল এই অভিনেতার। সময় পেলেই ছুটে যেতেন গ্রামে। সোহেল খানের আত্মীয় এবং স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘সম্পর্কে সোহেল খান আমার মামা হন। তিনি গ্রামের সামাজিক সব কাজের সঙ্গেই যুক্ত ছিলেন।’


সোহেল খানের মৃত্যু চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন ‘নসীব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। তিনি বলেন, ‘আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন।’

আরাশাদ আদনান বলেন, ‘তিনি (সোহেল খান) আমাদের সিনিয়র শিল্পী, বড় ভাই ছিলেন। আমরা তাঁকে অনেক সম্মান করতাম। আমরা তাঁকে অনেক মিস করব। শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’