ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে একটি জনবহুল বাজারে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিষ্ফোরণে আব্দুল হালিম নামের এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পরপরই পুরো বাজার জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কালামপুর-সাটুরিয়া-নাগরপুর আঞ্চলিক মহাসড়কের মহিশাষী বাজারে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে দশটার সময় বাজারের পূর্বদিকে থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা যুবক বাজারের পশ্চিমপাশের বাসস্টেশনে মিজানের দোকানের সামনে গিয়ে আচমকা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পশ্চিমদিকে পালিয়ে যায়। ককটেলটি বিকট শব্দে বিষ্ফোরিত হলে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিষ্ফোরণের সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া আব্দুল হালিম নামের এক ব্যক্তি স্প্রিন্টারের আঘাতে রক্তাক্ত জখম হন। এ সময় বাজারে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দিগি¦দিক ছুটাছুটি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত আব্দুল হালিম জানান, পুর্বদিক থেকে দুজন ব্যক্তি মোটরসাইকেলে চলন্তাবস্থায় কিছু একটা ছুঁড়ে মারে। এসময় বিকট শব্দে প্রকম্পিত হয়ে উঠে গোটা এলাকা। তার হাতে কাচের টুকরা লেগে রক্তাক্ত জখম হয়েছে বলে জানান তিনি।
ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
