রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
dailyfulki
  • প্রকাশ : শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১২:০০ রাত
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে গরমের তীব্রতা

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে গরমের তীব্রতা

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে রাজধানীবাসী গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন।

শনিবার (১১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসময় দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।