স্টাফ রিপোর্টার : দিনের শুরুতেই মেঘলা রয়েছে ঢাকার আকাশ। এমন পরিস্থিতে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সেই সঙ্গে আজ দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির দেখা মেলেনি, কোনো বৃষ্টিপাতও রেকর্ড করেনি আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যা ৫টা ১১ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আর আগামীকাল (মঙ্গলবার) সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।
