রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
আগামী বছর হজে যেতে পারবেন ৭৮৫০০ বাংলাদেশি, চুক্তি স্বাক্ষরিত | dailyfulki
  • প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:০০ রাত
আগামী বছর হজে যেতে পারবেন ৭৮৫০০ বাংলাদেশি, চুক্তি স্বাক্ষরিত | dailyfulki

আগামী বছর হজে যেতে পারবেন ৭৮৫০০ বাংলাদেশি, চুক্তি স্বাক্ষরিত | dailyfulki

স্টাফ রিপোর্টার :  বছর ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালন করতে যেতে পারবেন। এ বিষয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি হয়। এতে বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ সই করেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের রোডম্যাপ অনুযায়ী এরই মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হয়েছে। আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ পালনের সুযোগ থাকলেও নিবন্ধন করেছেন ৭৮ হাজারের মতো হজযাত্রী।

হজ চুক্তি স্বাক্ষরের সময় ধর্ম উপদেষ্টা সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি হজ ও ওমরাহমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কেও সৌদি মন্ত্রীকে অবহিত করেন। এছাড়া, মিনা-আরাফা ও মুজদালিফার তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বাড়ানোর বিষয়ে সৌদি মন্ত্রীকে অনুরোধ জানান উপদেষ্টা।

সৌদি হজ ও ওমরাহমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এতে সম্মতি দেন সৌদি মন্ত্রী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।