স্টাফ রিপোর্টার : বাংলাদেশর ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাভার পৌর এলাকার গেন্ডা নিবাসী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ল' অফিসার্স অর্ডার, ১৯৭২ এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
সাভারের কৃতি সন্তান ব্যারিস্টার শিহাব উদ্দিন খান ১৯৮৪ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম শাহাব উদ্দিন খান ছিলেন বাংলাদেশ পুলিশের একজন সাবেক কর্মকর্তা।
সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করার পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে বিএ (অনার্স) ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি (অনার্স), ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড, ব্রিস্টল থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স সম্পন্ন করে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গভর্ন্যান্স স্টাডিজে স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বর্তমানে শিহাব খান অ্যান্ড কোং চেম্বার্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাজ্যের দ্য অনারেবল সোসাইটি অব লিঙ্কনস ইন এর সদস্য। এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা বার অ্যাসোসিয়েশন, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে আইন পেশায় যুক্ত রয়েছেন।
আইনি পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সহ সাধারণ সম্পাদক, বৈশাখী ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি, কবি জসিম উদ্দিন পরিষদের নির্বাহী সদস্য এবং ঢাকা সাইক্লিং ক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য শাখার সঙ্গেও তিনি সম্পৃক্ত।
ব্যারিস্টার শিহাব নিয়মিত টিভি টক শো এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার,কনফারেন্সে রাষ্টের নীতি নির্ধারনী ও রাজনীতি বিষয়ে বিশ্লেষক হিসেবে ভূমিকা রেখে চলেছেন। তিনি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের।পরামর্শক হিসেবেও নিয়োজিত আছেন।
