সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না : মানিকগঞ্জে বিমানমন্ত্রী
daily-fulki

প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না : মানিকগঞ্জে বিমানমন্ত্রী

 


মানিকগঞ্জ প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ভেতরে দেশপ্রেম না থাকলে কোনো ভালো কাজই করা সম্ভব নয়। তিনি বলেন, একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না। রোববার (২৬ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক (প্রথম বর্ষ) শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চর্চা তৈরি হয়।


আফরোজা খানম রিতা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আদর্শ তুলে ধরেছেন। আর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে সামাজিক, মানবিক ও জনবান্ধব রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করার দিকনির্দেশনা দিচ্ছেন।


অনুষ্ঠানে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মাহফিল খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।


অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কলেজ প্রাঙ্গণে শহীদ জিয়া, মুক্তিযোদ্ধা ও জুলাই স্মৃতি কর্নারের উদ্বোধন করেন। পরে তিনি কলেজ ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
 

সর্বাধিক পঠিত