সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় ইটবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘষে ২ জন নিহত হয়েছে। নিহত ১ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিএনজিচালক। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে হেমায়েতপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সিংগাইরের উদ্দেশে রওনা হয়। সকাল পৌনে ৮টার দিকে মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন।
খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তদন্তের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের জামশেদ বেপারির ছেলে মো. মহরম বেপারি (৪০)।
দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি চালক ফরহাদ হোসেন (৫০)-কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া গ্রামের মহিউদ্দিন মিয়ার ছেলে। এছাড়া সিএনজিতে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় বাসিন্দা সরুজ শেখ জানান, সংঘর্ষের পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, প্রথমে নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। পরে পুলিশ তদন্ত করে তার পরিচয় নিশ্চিত করে। আহত সিএনজি চালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
