মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার চলমান সব উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং প্রকল্পের প্রতিটি ধাপে কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (১৯ জুলাই) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন মন্ত্রী।
সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নে বিদ্যমান সমস্যা এবং প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার বিষয়ে আলোচনা হয়।
আফরোজা খানম বলেন, মানিকগঞ্জের উন্নয়নে আমি আমার পিতা হারুনার রশিদ খান মুন্নুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। মানিকগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনে আপনাদের সবার সহযোগিতা চাই।
তিনি বলেন, জেলার প্রতিটি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে হবে।
বাস্তবায়নের পথে কোনো সমস্যা দেখা দিলে তা সমাধানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, মানিকগঞ্জের মানুষের ভালোবাসার প্রতিদান আমি দিতে চাই। এ কাজে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
সভা শেষে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৫ জন রোগীর প্রত্যেকের হাতে এককালীন ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন মন্ত্রী।
এ সময় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
