সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
রোববার ভোররাতে চুরির চেষ্টা চালিয়েছে একটিচক্র। তবে দায়িত্বরত আনসার সদস্যদের তৎপরতায় চুরি হওয়া মালামাল নিয়ে পালানোর আগেই সাগর (২৫) নামের এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) ভোররাতে হাসপাতালের দ্বিতীয় তলার পকেট গেটের তালা ভেঙে ৩ চোর ভেতরে প্রবেশ করে। তারা হাসপাতালের একটি বড় টেলিভিশন, টিকিট কাউন্টারের মনিটর, কম্পিউটার, রাউটার, টেবিল ল্যাম্প এবং বিভিন্ন ধরনের চার্জারসহ বেশ কিছু মালামাল একত্র করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়।
এ সময় শব্দ পেয়ে বাইরে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতি টের পেয়ে তিন চোরের মধ্যে দুজন পালিয়ে গেলেও সাগর নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিংগাইর থানায় সোপর্দ করে।
আটকৃত সাগর উপজেলার পার্শ্ববর্তী গোবিন্দল নইলান এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সঙ্গে একই এলাকার উজ্জ্বল ও জসিম নামের আরও দুজন এই চুরির ঘটনায় জড়িত ছিলেন। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা বলেন, “দায়িত্বরত আনসার সদস্যদের দ্রুত তৎপরতার কারণে চোরেরা কোনো মালামাল হাসপাতাল থেকে বের করতে পারেনি। ঘটনাস্থল থেকেই একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, “চোরেরা হাসপাতাল থেকে কোনো মালামাল নিতে পারেনি। আটক ব্যক্তিকে নিয়মিত চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
