মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজে সুফিয়া খাতুন (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ইসমাইল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার হরগজ বেপারীপাড়া নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুফিয়া খাতুন উপজেলার হরগজ বেপারীপাড়া এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুফিয়া খাতুনের সঙ্গে তার স্বামীসহ পরিবারের অন্যদের কলহলেগেই থাকতো। গত কয়েকদিন আগেও সুফিয়া খাতুনের সঙ্গে স্বামীর ঝগড়া হয়।
মঙ্গলবার সকালে ঘরে সুফিয়া লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এসময় লাশের পাশে রক্তমাখা ধারালো বটি পড়েছিল।
পুলিশ লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত সুফিয়া খাতুনের ভাই রমজান আলী বলেন, আমার বোন কোনোভাবেই আত্মহত্যা করেনি তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই জানা যাবে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
