শনিবার, ৪ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে সাকিবুল হত্যা, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা
daily-fulki

সিংগাইরে সাকিবুল হত্যা, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটক্ষেত থেকে উদ্ধার হওয়া কিশোর অটোরিকশাচালক সাকিবুল ইসলাম (১৬) হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

নিহতের বাবা রহমত ওরফে টুলু বাদী হয়ে গত বৃহস্পতিবার (২ জুলাই) সিংগাইর থানায় মামলাটি করেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম। নিহত সাকিবুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিকেলে অসুস্থ বাবার পরিবর্তে যাত্রী পরিবহনের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাকিবুল। রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

ওই রাতেই সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা গোলাই এলাকায় একটি পরিত্যক্ত ব্যাটারিচালিত অটোরিকশা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালায়। পরে জামশা ইউনিয়নের গোলাই নতুনপাড়া এলাকার একটি পাটক্ষেত থেকে সাকিবুলের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অটোরিকশার সূত্র ধরে অনুসন্ধান চালানোর একপর্যায়ে নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি স্যান্ডেলও জব্দ করা হয়েছে। যা গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।

পুলিশের ভাষ্য, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতাসহ অন্যান্য সম্ভাব্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দিলীপ কুমার বিশ্বাস বলেন, "হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে জোরালোভাবে কাজ চলছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। সময় হলে মামলার অগ্রগতির বিষয়ে জানানো হবে।"

 

সর্বাধিক পঠিত