বুধবার, ১ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ঘিওরে ঋণের কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ
daily-fulki

ঘিওরে ঋণের কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চন্দন ভগত (৫৮) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
নিহত চন্দন ভগত উপজেলার সদর ইউনিয়নের কুস্তা বন্দর (মুড়িহাট) এলাকার মৃত বৈদ্যনাথ (দেবনাথ) ভগতের ছেলে।


পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় নিজ বাড়ির দ্বিতীয় তলার সিঁড়ির রেলিংয়ে নাইলনের সুতা দিয়ে গলায় ফাঁস দেন চন্দন ভগত। বুধবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ঘিওর থানা-পুলিশকে খবর দেন।


পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত চন্দনের স্ত্রী নুপুর রবি দাস জানান, বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে কয়েক মাস ধরেই মানসিক চাপে ছিলেন তাঁর স্বামী। কিস্তির টাকা আদায়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোকজন বাড়িতে এলে টাকা পরিশোধ করতে না পেরে তিনি সারা দিন বাড়ির বাইরে ছিলেন। রাতে পরিবারের সদস্যদের অজান্তে এ ঘটনা ঘটে।
 

খবর পেয়ে ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।


ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে ঋণের চাপের বিষয়টি জানানো হয়েছে। তবে এটিই মৃত্যুর একমাত্র কারণ কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
 

সর্বাধিক পঠিত