মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : অবশেষে দীর্ঘদিনের অপেক্ষা, দুর্ভোগ আর খেয়াঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার অবসান ঘটল। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজার সংলগ্ন ধলেশ্বরী নদীর ওপর নির্মিত হলো প্রায় ২৪০ ফুট দীর্ঘ একটি দৃষ্টিনন্দন বাঁশ ও কাঠের সেতু। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের স্মৃতিকে ধারণ করে মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশন নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছে এই সেতু। প্রায় পাঁচ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধনের মধ্যদিয়ে হাজারো মানুষের বহু বছরের ভোগান্তির অবসান হলো।
শনিবার (২৭ জুন) দুপুর ১২টায় ধল্লা বাজার সংলগ্ন ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সাভার থানা বিএনপির সাবেক সভাপতি হাজী মো. জামাল উদ্দিন সরকার ফিতা কেটে সেতুর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ সানি, প্রয়াত মুক্তিযোদ্ধা শামসুল হকের জ্যেষ্ঠ পুত্র ও সিংগাইর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি হাজী আব্দুল আল মামুন, ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেতুর সুবিধাভোগী বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক মানুষ।
উদ্বোধন শেষে সেতুর দক্ষিণ প্রান্তে অধ্যাপক ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং মোহাম্মদ মাসুম বিল্লাহ সানির সঞ্চালনায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শামসুল হককে স্মরণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন ধল্লা ইউনিয়নের হাজী আব্দুল আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুর ও আব্দুল মান্নান, অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত শামসুল হকের দেশপ্রেম, মানবিকতা, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং মানুষের কল্যাণে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সবশেষে গাজিন্দা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
সেতুর উদ্বোধনের মুহূর্তে ছিল উৎসবমুখর পরিবেশ। বহু বছরের কষ্টের অবসান হওয়ায় এলাকাবাসীর আনন্দ ছিল চোখে পড়ার মতো। অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন, কারও চোখে ছিল আনন্দাশ্রু, কারও মুখে ছিল স্বস্তির হাসি। স্থানীয়দের ভাষায়, এটি শুধু একটি সেতু নয়—এটি তাদের নতুন জীবনের আশা, স্বস্তি ও সম্ভাবনার প্রতীক।
জানা গেছে, ধল্লা ইউনিয়নের চরউলাইল, ভাটিরচর, খাসেরচর, গেলেপাড়া, ফোর্ডনগর মোল্লাপাড়া, বরদাইল, লাঙ্গুলিয়া, ধল্লা লক্ষীপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এতদিন ধল্লা বাজার খেয়াঘাটের ছোট একটি নৌকার মাধ্যমে প্রতিদিন ঝুঁকি ও দুর্ভোগের মধ্যদিয়ে নদী পারাপার করতেন। বাজার, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ, থানা কিংবা উপজেলা সদরে যেতে নৌকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। জরুরি মুহূর্তেও সময়মতো গন্তব্যে পৌঁছানো ছিল তাদের জন্য বড় এক ভোগান্তি।
স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর থেকে ধলেশ্বরী নদীর এই অংশে সরকারি উদ্যোগে কোনো সেতু নির্মিত হয়নি। ফলে দীর্ঘদিনের সেই অবহেলার জায়গায় একটি সামাজিক উদ্যোগ মানুষের ভাগ্য বদলের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আশপাশের কয়েক হাজার মানুষের যাতায়াত সহজ করতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ২৪০ ফুট দীর্ঘ ও ৭ ফুট প্রশস্ত বাঁশ ও কাঠের এই সেতু নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে পাঁচ লাখ টাকারও বেশি।
এ বিষয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ সানি বলেন, "আমার বাবার স্মৃতিকে মানুষের কল্যাণের মাধ্যমে বাঁচিয়ে রাখতেই ২০১৯ সালে ফাউন্ডেশনটির যাত্রা শুরু হয়। ২০২২ সালে উপজেলাব্যাপী মেধাবৃত্তি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। এরপর থেকে শিক্ষা, মানবসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। এই সেতু নির্মাণও সেই ধারাবাহিকতার অংশ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে চাই। আমার বাবা ও পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।"
