মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
দৌলতপুরের যুবদল নেতা সালামকে শোকজ
daily-fulki

দৌলতপুরের যুবদল নেতা সালামকে শোকজ

 


মানিকগঞ্জ প্রতিনিধি :  সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।


বুধবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা যুবদলের দায়িত্বশীল পদে থাকা এক নেতা। এরআগে আব্দুস সালামের বিতর্কিত মন্তব্যের ভিডিও ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে গত মঙ্গলবার (২৩ জুন) জারি করা নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, উপজেলা যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও তিনি জনসম্মুখে ও গণমাধ্যমে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন, যা কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে এসেছে।


নোটিশে আরও উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী এ ধরনের কর্মকাণ্ডের জন্য তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের কাছে ব্যাখ্যা দিতে হবে।


জানা যায়, দৌলতপুরে একটি প্রতিবাদ মিছিল শেষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে আব্দুস সালাম সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “দৌলতপুরে কোনো সাংবাদিক নেই, আছে শুধু রিপোর্টার।” একই সঙ্গে তিনি আরও বলেন, “দৌলতপুরে রিপোর্টিংয়ের কার্যক্রম চালাতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে চালাতে হবে।”
তাঁর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান এ ধরনের মন্তব্যকে অনভিপ্রেত ও সাংবাদিক সমাজের জন্য অবমাননাকর আখ্যা দিয়ে এর নিন্দা জানান এবং বক্তব্য প্রত্যাহারের দাবি করেন।


এ বিষয়ে মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দীপু বলেন, সাংবাদিকদের সম্পর্কে এ ধরনের মন্তব্য গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবদল আব্দুস সালামের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে আব্দুস সালামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
 

সর্বাধিক পঠিত