সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ঈদের আগে কিছু এলাকায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক
daily-fulki

ঈদের আগে কিছু এলাকায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক


স্টাফ রিপোর্টার ; ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরের নির্বাচিত কোরবানির পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখা রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।


নির্দেশনায় বলা হয়, কোরবানির পশুর হাটগুলোতে বিপুল পরিমাণ নগদ অর্থ লেনদেন হয়। ফলে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে বিশেষ ব্যাংকিং সেবা চালু রাখা জরুরি।

এ লক্ষ্যে ২৪ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত নির্বাচিত হাটসংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও অস্থায়ী বুথে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজস্ব বিবেচনায় হাটসংলগ্ন শাখা নির্বাচন করবে এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বুথ স্থাপন করবে। এসব বুথে অর্থ জমা, উত্তোলন ও নতুন হিসাব খোলার সুবিধা থাকবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় গাবতলী পশুর হাট, মিরপুর, কালশী, উত্তরা দিয়াবাড়ী, খিলক্ষেত ও বাড্ডার বিভিন্ন এলাকায় এ সুবিধা চালু থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় কাজলা-মাতুয়াইল, বনশ্রী, রহমতগঞ্জ, পোস্তগোলা, খিলগাঁও, গোলাপবাগ, আমুলিয়া ও সারুলিয়াসহ বিভিন্ন এলাকায় স্থাপিত অস্থায়ী পশুর হাটের পাশে ব্যাংকিং সেবা চালু থাকবে।

এ ছাড়া চট্টগ্রামের বিবিরহাট ও সাগরিকা, রংপুরের লালবাগ সদর হাট, খুলনার জোড়া হাট এবং রাজশাহীর সিটি হাটসংলগ্ন ব্যাংক শাখাগুলোও এ সুবিধার আওতায় থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা দিতে হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত