স্টাফ রিপোর্টার : নিবন্ধন সনদ ছাড়া ট্রাভেল এজেন্সি পরিচালনা করলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার।
সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ নবায়নের জন্য জারি করা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’, ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১’ এবং ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২’ অনুযায়ী নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ সনদ নবায়ন ব্যতীত ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করা আইনসিদ্ধ নয়।
এছাড়া নিবন্ধন সনদ নবায়ন না করায় সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মেয়াদোত্তীর্ণ সনদধারী ট্রাভেল এজেন্সি পরিচালনাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে (www.regtravelagency.gov.bd) জরুরি ভিত্তিতে নবায়নের আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সনদ ছাড়া কিংবা নবায়ন ছাড়া যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ট্রাভেল এজেন্সি পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন’ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
