মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এখন হারালেন দলের পদ
daily-fulki

হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এখন হারালেন দলের পদ


কুমিল্লা সংবাদদাতা : গণঅধিকার পরিষদের (জিওপি) কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিনের সদস্যপদ স্থগিত করেছে দলটি। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ আমার দেশকে জানান, কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন এক ব্যক্তিকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। এ জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

নোটিশে বলা হয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশক্রমে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

 

একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, জসিম উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। জসিম উদ্দিন পান ৪৯ হাজার ৮৮৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।

 

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে জসিম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

 

সর্বাধিক পঠিত