মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে ভেসে আসা অজ্ঞাত এক মধ্যবয়সী নারীর মাথা বিচ্ছিন্ন ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে মরদেহের অংশটি উদ্ধার করা হয়।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নদীতে ভাসতে থাকা মাথাহীন ওই নারীর মরদেহ কৃষ্ণপুর গ্রাম সংলগ্ন নদীর তীরে এসে আটকে যায়। স্থানীয় বাসিন্দারা ভাসমান মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। তবে নিহতের মাথা না থাকায় এবং মরদেহটি অর্ধগলিত হওয়ায় উপস্থিত স্থানীয়দের কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি।
পরে সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ।
