স্টাফ রিপোর্টার : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাভার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে রোববার (০৪ অক্টোবর) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্বার ৭১ মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হয়।
উক্ত গণশুনানিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে ১৪টি সমস্যার সমাধান করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অবশিষ্ট সমস্যাগুলো নিরসনে আগামী ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফজলে বারী।
স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, অনিয়ম প্রতিরোধ ও জনগণের সমস্যা-সমাধান নিশ্চিত করার লক্ষ্যে সনাক সভাপতি অধ্যাপক দীপক কুমার রায় এর সভাপতিত্বে আয়োজিত এ গণশুনানিতে সাভারের বিভিন্ন এলাকার সেবাপ্রার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সনাক, এসিজি ও ইয়েস সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৭০ জন নাগরিক অংশগ্রহণ করেন।
গণশুনানিতে সেবাগ্রহীতারা হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধের স্বল্পতা, অতিরিক্ত অর্থ আদায়, নারী-পুরুষের পৃথক শৌচাগার, বয়স্ক রোগীদের অগ্রাধিকার, স্বাস্থ্যকর্মীদের আচরণ, সাইনবোর্ড ও বসার অপর্যাপ্ত ব্যবস্থা, যথাযথ চিকিৎসাসেবা, সিটিজেন চার্টার ও অভিযোগ বাক্সের অভাব, রক্ত পরীক্ষার কিটের স্বল্পতা, সুপেয় পানির সংকট এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণসহ মোট ১৬টি সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ১৪টি সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়।
সেবাগ্রহীতাদের প্রশ্নের জবাবে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফজলে বারী বলেন, তাঁর ৫ মাস মেয়াদে তিনি বেশকিছু উদ্যোগ নিলেও জনবল ও ওষুধের স্বল্পতার কারণে কাক্সিক্ষত সেবা প্রদানে এখনো কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। তবে কোন স্টাফের সেবা প্রদানে অবহেলার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিগত কিছুদিনে হাসপাতালের কর্মীদের তথ্য প্রদর্শন, টয়লেট পরিষ্কারের জন্য কর্মচারী নিয়োগ, বসার পৃথক স্থান নির্ধারণ এবং বিরুলিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ভবন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে তাঁর গৃহীত উদ্যোগগুলোর অগ্রগতি তুলে ধরতে এবং সেবা গ্রহিতাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে তিন মাস পর পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
সনাক, সাভারের সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়ের সভাপতিত্বে গণশুনানিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো: আব্দুল খালেক ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সনাক সদস্য সুফিয়া বেগম এবং এডভোকেট আব্দুল কাদের শাহীন। সার্বিক আলোচনায় বক্তারা নিয়মিতভাবে স্বাস্থ্যকেন্দ্রের সেবার মান পর্যবেক্ষণ, সেবার তথ্য সবার জন্য সহজলভ্য করা এবং সেবাগ্রহীতাদের সঙ্গে স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় টিআইবির প্রতিনিধি হিসেবে ঢাকা ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মোঃ মাহান উল হক সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত গণশুনানির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
সনাক সদস্য মোঃ সিরাজুল হক সীমান্ত সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় সেবাগ্রহীতাদের পাশাপাশি সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও এক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তাদের প্রত্যাশা ও বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
